নোয়াখালীতে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ কিশোর
তিন বন্ধু মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় তিন কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরজব্বর থানার ওসি মো. রফিকুল হাসান।
নিহতরা হলো- পূর্ব চরবাটা ইউনিয়নের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, মো. কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭) ও জসিম উদ্দিনের ছেলে ওমর ফারুক (১৮)। তাদের মধ্যে করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
