২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় পুলিশকে মারধরের মামলায় চারজন গ্রেপ্তার

মামলার সাক্ষীদের সমন জারির নোটিশ দিতে যাচ্ছিলেন সদর থানার কনস্টেবল।

বরগুনায় পুলিশকে মারধরের মামলায় চারজন গ্রেপ্তার

প্রতীকী ছবি

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 10:30 PM

Updated : 28 Jul 2023, 10:30 PM

বরগুনা সদর উপজেলায় পুলিশ সদস্যকে মারধর করে ভিডিও ধারণ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার পর বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-  গোলাম মাওলা মল্লিক (৩৮), সোহাগ হাওলাদার (২৬), শর্মী আক্তার লিজা (২০) ও রাজিব হাওলাদার (২৬)। সবাই সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে শুক্রবার পুলিশ জানায়, একটি মামলায় সাক্ষীদের সমন জারির নোটিশ দিতে যাচ্ছিলেন সদর থানার একজন কনস্টেবল। পথে খাজুরতলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় পূর্বপরিচিত লিজা কথা বলার জন্য তাকে ডেকে নেন। এ সময় সেখানে অন্য আসামিরা ছিলেন। তারা কনস্টেবলকে আটকে মারধর ও তা ভিডিও করেন।

পরে খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে কনস্টেবলকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, “পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সুনাম ক্ষুণ্নু করার পাশাপাশি পুলিশের মনোবল ভেঙে দিতেই এ হামলা হয়েছে।

“আসামিরা আইনবিরোধী কাজ করেছে। তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে”, যোগ করেন আবদুল হালিম।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।