বরিশালে ‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারকে মারধর, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে
“চাঁদার তিন লাখ টাকা দিতে অস্বীকার করলে আসামিরা রুস্তমকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যান।”
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ‘চাঁদা না পেয়ে’ এক ঠিকাদারকে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সকালে গ্রেপ্তারের পর তাদের বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার জিআরও এসআই হারুন অর রশিদ।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব মোল্লা, তার সহযোগী সাকিব হাওলাদার (৩৫) ও ছেলে মবিন মোল্লা (২২)।
এদিন সকালে তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা-পুলিশ।
এসআই হারুন বলেন, রোববার মাধবপাশার রবীন্দ্রনগর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা ঠিকাদার মো. রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানায় মামলা করেন।
মামলার বরাতে জিআরও বলেন, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২,৬০০ মিটার পিচ ঢালাই কাজের সাব ঠিকাদার রুস্তম হাওলাদার। শনিবার সন্ধ্যায় বাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সড়কের নির্মাণ কাজে বাধা দেয় আসামিরা।
“কাজ করতে হলে তাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা রুস্তমকে মারধর করে তার সঙ্গে থাকা ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান।”
এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
