হিট দিয়ে পুড়ল নবজাতকের দুই পা, হাসপাতালের তিনজন গ্রেপ্তার
সিজারের পর নবজাতক শিশু কান্না না করায় সনাতন পদ্ধতিতে হিট দেওয়ায় তার দুই পা পুড়ে যায় বলে জানান ওসি।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নবজাতক শিশুর পায়ে হিট দিয়ে পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এক হাসপাতালের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সিংগাইর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সেবিকা শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস এবং ক্যাশিয়ার জাহিদ খান।
ওসি সৈয়দ মিজানুর বলেন, “১৮ মার্চ রাতে সিংগাইরের নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজ নাহারের সিজার করা হয় ওই হাসপাতালে। সিজারের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে সনাতন পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
“এ সময় অতিরিক্ত হিটে নবজাতকের দুই পা পুড়ে যায়। এ ঘটনায় নবজাতক শিশুর বাবা শুকুর আলী চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; এ ছাড়া অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
