টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা, লাশ মিলল আনারস বাগানে
নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহ আনারস বাগানে ফেলে রাখার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি।
নিহত শমশের মিয়া (২৩) একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয়দের বরাতে শোলাকুড়ির ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, সোমবার রাতে শমশের কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে মদ পান করতে গিয়েছিলেন।
“ধারণা করা হচ্ছে, মদ খেয়ে ফেরার পথে তাদের মধ্যে কোনো কারণে ঝগড়া বাধার জের ধরে শমশেরকে কুপিয়ে হত্যা করা হতে পারে।”
সহকারী পুলিশ সুপার ফারহানা জানান, নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় হত্যা করে লাশটি আনারস বাগানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ পুলিশ শুরু করেছে বলেও জানান এই কর্মকর্তা।
