মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি, শিশু ও কিশোরীর মৃত্যু
পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনায় এখনও কেউ নিখোঁজ রয়েছেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি টঙ্গীবাড়ির ইউএনও।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলের কাছে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রী নিয়ে ট্রলার ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ির ইউএনও আসলাম হোসাইন জানান।
স্থানীয়রা এক কিশোরী ও শিশুকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হল- উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল ব্যাপারীর মেয়ে সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের ছয় বছর বয়সি মেয়ে ফহিজা আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হাসাইলচরের মিয়াবাড়ি ঘাট থেকে যাত্রী নিয়ে হাসাইল বাজারে আসার সময় অন্ধকারের মধ্যে একটি বাল্কহেড যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে নৌযানটি ডুবে যায়।
ইউএনও আসলাম হোসাইন ঘটনাস্থল থেকে জানান, ঘটনার পর যাত্রীদের অনেকেই সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন। এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। অনুসন্ধান চলছে।
স্থানীয়রা বাল্কহেডটিকে আটকালেও এর চালক পালিয়েছেন।
