রাঙামাটিতে দাঁড়ানো অটোরিকশাকে বাসের ধাক্কা, প্রাণ গেল দুজনের
“তিনজনের অবস্থা খুবই খারাপ থাকায় চট্টগ্রামে স্থানান্তর করেছি।”
রাঙামাটি সদর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
শনিবার দুপুর আড়াইটার দিকে রাঙামাটি শহরের প্রবেশমুখ ভেদভেদী বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার মানিকছড়ি এলাকার পরিমিলা চাকমা ও গুরিমালা চাকমা।
আহত রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও পরী চাকমাও একই এলাকার বাসিন্দা।
ভেদভেদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক সাংবাদিকদের বলেন, সড়কের পাশে সংস্কার কাজের ঢালাই চলছে। এ কারণে সামনে এগোতে না পেরে যাত্রীবাহী অটোরিকশাটি সেখানে দাঁড়িয়েছিল।
এ সময় চট্টগ্রাম থেকে আসা ‘খাজা গরীবে নেওয়াজ’ বাসটি সেই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। তিনজনের অবস্থা খুবই খারাপ থাকায় চট্টগ্রামে স্থানান্তর করেছি। বাকি একজন এখানে ভর্তি আছেন।
রাঙামাটির কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।
