২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গাজীপুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে অপহরণের অভিযোগ

অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 02:21 PM

Updated : 26 Oct 2026, 02:21 PM

গাজীপুরের টঙ্গীতে আট বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠেছে।

রোববার রাতে শিক্ষার্থীর বাবা পাঁচজনকে আসামি করে মামলাটি করেছেন বলে জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান।

মামলায় প্রধান আসামি আরিফুল ইসলাম জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেট সংলগ্ন দারুল মা’আরিফ হোসাইনিয়া (কওমি) মাদরাসা ও মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক।

অন্য আসামিরা হলেন- আরিফুল ইসলামের ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) ও দেলোয়ার হোসেন (৪৫)। তারা সবাই ময়মনসিংহ সদর উপজেলার চর বওলা গ্রামের বাসিন্দা এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন।

মামলার বরাতে পুলিশ জানায়, ওই ছাত্রী মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছিল। শিক্ষক আরিফুল ইসলাম তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। রাজী না হওয়ায় জোরপূর্বক অপহরণের হুমকি দেওয়া হয়।

বিষয়টি পরিবারকে জানালে অভিভাবকরা শিক্ষক আরিফুলকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আরিফুল ভয়ভীতি দেখানো অব্যাহত রাখেন।

এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর সকালে মাদরাসায় গেলে অন্য আসামিদের সহায়তায় ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান শিক্ষক আরিফুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত থানায় মামলা করেন।

জয়দেবপুর থানার ওসি আল মামুন বলেন, মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।