১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এ কে আজাদসহ চ্যানেল ২৪ এর সাতজনকে এবার সেই বিচারকের আইনি নোটিস

আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন সরিয়ে ফেলে ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 09:28 PM

Updated : 13 Nov 2026, 09:28 PM

‘মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রচারের’ অভিযোগে মামলার পর চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে এবার একই অভিযোগ তুলে আইনি নোটিস পাঠিয়েছেন লালমনিরহাটের সাময়িক বরখাস্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম।

শুক্রবার তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুর রহমান দুলু এ নোটিস পাঠিয়েছেন। আজিজুর রহমান দুলু নোটিস পাঠানোর বিষয়টি জানিয়েছেন।

চ্যানেল ২৪ এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী সম্পাদক জহিরুল আলম, হেড অফ মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম ও রিপোর্টার জাহিদ হোসেনকে এ নোটিস পাঠানো হয়েছে।

আগামী সাত কর্মদিবসের মধ্যে ‘বরখাস্ত বিচারকের উল্টো চাল, দুর্নীতি ও অনিয়মের সংবাদ করায় চ্যানেল ২৪ এর ৭ জনের বিরুদ্ধে মামলা’ শিরোনামের প্রতিবেদন সরিয়ে ফেলে ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিসে। নাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওই বিচারক।

এর আগে গত ৯ নভেম্বর ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামের প্রতিবেদন ‘মিথ্যা ও মানহানিকর’ অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা করেন সাময়িক বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম, যা ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

মামলার পর বিষয়টি নিয়ে চ্যানেল ২৪ প্রতিবেদন প্রচার করে। সেই প্রতিবেদনেও ‘মানহানিকর’ ও ‘আদালত অবমাননাকর মন্তব্য’ প্রচার করা হয় বলে অভিযোগ আরিফুল ইসলামের।

নোটিসে বলা হয়, গত ৯ নভেম্বর রাতে চ্যানেল ২৪ বিচারাধীন বিষয় নিয়ে প্রতিবেদন প্রচার করেছে, যার শিরোনাম ‘বরখাস্ত বিচারকের উল্টো চাল, দুর্নীতি ও অনিয়মের সংবাদ করায় চ্যানেল ২৪ এর ৭ জনের বিরুদ্ধে মামলা’। ওই প্রতিবেদনে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ প্রচার করা হয়, যা ‘আদালত অবমাননাকর’। প্রতিবেদনে বিচারক আরিফুল ইসলামকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়া হয়। বিচারকের ‘সাময়িক বরখাস্ত’ হওয়ার বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে ‘বরখাস্ত বিচারক’ আরিফুল ইসলাম হিসেবে প্রচার করা হয়, যা ‘মানহানিকর ও মিথ্যা’।

বিচারকের সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি নিয়ে নোটিসে বলা হয়, তার বিরুদ্ধে শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় মামলা হয়৷ সে কারণে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ৩০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

বিভাগীয় মামলাটিও বিচারাধীন, সেটি নিয়েও চ্যানেল ২৪ অসৎ উদ্দেশ্যে বিচারক আরিফুল ইসলামকে ‘দোষী হিসেবে’ উপস্থাপন করে ও গোপন তদন্ত প্রতিবেদন বিষয় জনসমক্ষে উপস্থাপন করে, অভিযোগ করা হয় নোটিসে।

বিষয়টি নিয়ে চ্যানেল ২৪ এর চিফ নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, “বিচারককে নিয়ে প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্য, প্রমাণ ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। নানা অনিয়মে জড়িত থাকার কারণে আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিচারককে বরখাস্তও করেছে।

“আদালতের প্রতি চ্যানেল ২৪ এর সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে আমাদের বিরুদ্ধে করা মামলাটি ক্ষমতার অপব্যবহার এবং সত্য ধামাচাপা দেওয়ার অপচেষ্টার স্পষ্ট ইঙ্গিত বহন করে। ডিবি বিষয়টি তদন্ত করছে। হয়ত তখন বিষয়টি আরও পরিষ্কার হবে সবার সামনে। আর বিষয়টা আমরা আইনিভাবে দেখব।”

আরও পড়ুন-

এ কে আজাদসহ চ্যানেল ২৪-এর সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন সেই বিচারকের