গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার বিকালে মায়ের সঙ্গে ঝগড়া করে সিরাজ বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজের একদিন মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম।
মারা যাওয়া সিরাজ শেখ ওরফে শিহাব (১৫) ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সে উপজেলার মন্দুয়ার নুরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শাখার শিক্ষার্থী ছিল।
স্বজন ও পুলিশ জানায়, সোমবার বিকালে মায়ের সঙ্গে ঝগড়া করে সিরাজ বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে মঙ্গলবার সকালে এলাকাবাসী বিলসংলগ্ন এলাকায় গাছে লাশটি ঝুলতে দেখেন।
ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ওই কিশোর আত্মহত্যা করেছে।
ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
