৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে নদীর তীরে হলুদ বস্তায় মিলল হাত-পা বাঁধা যুবকের লাশ

যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।

নরসিংদীতে নদীর তীরে হলুদ বস্তায় মিলল হাত-পা বাঁধা যুবকের লাশ

নরসিংদীর রায়পুরা থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 05:54 PM

Updated : 31 Oct 2026, 05:54 PM

নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদের তীরে হলুদ বস্তার ভেতর থেকে হাত-পা বাঁধা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মজিবুর রহমান।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, নদীর তীরে হলুদ বস্তার ভেতর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় তার দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, তিন থেকে চার দিন আগে ওই যুবককে অন্য কোথাও হত্যা করে লাশটি নদীর তীরে ফেলে রাখা হয়েছে।

ওসি মজিবুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।