২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক থেকে নামেনি বানের পানি, বন্ধ যান চলাচল

ফেনী-বিলোনিয়া সড়ক তিন ফুট পানিতে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যান চলাচল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 10:22 PM

Updated : 10 Aug 2023, 10:22 PM

ফেনীতে নদ-নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। ফেনী-বিলোনিয়া সড়ক তিন ফুট পানিতে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যান চলাচল।

ফুলগাজী ও পরশুরাম উপজেলায় এখনও হাজার-হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। চারদিন ধরে ডুবে আছে রাস্তাঘাট, কৃষিজমি, বাড়িঘর ও মাছের ঘের। প্রশাসন থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ করেছেন বন্যা কবলিতরা।

বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, বন্যার পানিতে ফুলগাজীর ঘনিয়ামোড়া ও পরশুরাম পৌর এলাকার সলিয়া, গুথুমা গ্রাম, চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা, চিথলিয়া, রামপুর, দুর্গাপুর, পূর্ব অলকা, পশ্চিম অলকা গ্রাম তলিয়ে আছে। এসব গ্রামের নিচু এলাকার বাড়িঘর থেকে এখনও নামেনি বানের পানি।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, উপজেলার ঘনিয়া মোড়া থেকে চিথলিয়া পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে অটোরিকশা ও যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।

প্রথম দিন বন্যাকবলিত কিছু মানুষ প্রশাসন থেকে চিড়া-মুড়ি পেলেও গত দুইদিন কেউ খবর নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত মেয়েকে নিয়ে ভর্তি ছিলেন ষাটোর্ধ্ব হাফেজ আহম্মদ। মেয়ে সুস্থ হলে বাড়ি ফেরার পথে পড়েন দুর্ভোগে। কোমর সমান পানিতে মেয়েকে নিয়ে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হতে দেখা যায় তাকে।

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “বৃহস্পতিবার সকালে পরীক্ষা ছিল। পরশুরামে গিয়ে দেখি বাস ও অটোরিকশা বন্ধ। উপায় না পেয়ে সহপাঠীদের সঙ্গে দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প পথে ফেনী আসতে হয়েছে।”

পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মতিউর রহমান বলেন, “আমরা পাঁচজন উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছি। গাড়ি বন্ধ থাকায় ফুলগাজী থেকে তিনগুণ ভাড়া দিয়ে পরশুরামে যেতে হয়েছে।”

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বলেন, বন্যার পানি ওঠায় চিথলিয়া ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

ফুলগাজী-পরশুরামে বেড়িবাঁধে ভাঙন

টানা বর্ষণ ও উজানের ঢলে মুহুরী-কহুয়া-বিলোনিয়া নদীর ফুলগাজী-পরশুরাম অংশে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। গত বছরও বেড়িবাঁধ তিন দফায় ভাঙ্গনের মুখে পড়ে।

ভাঙন প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাত্তার আলী (৭১) বলেন, “৩০-৪০ বছর ধরে এ এলাকার মানুষ বর্ষা মৌসুমে আতঙ্কে থাকে। বেড়িবাঁধ সংস্কার করার জন্য প্রতিবছর সরকার কোটি কোটি টাকা ব্যয় করে। দায়সারা কাজে করেন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

“তাদের কাজের মান দেখলে মনে হয়, যত ভাঙবে, যত ডুববে; ততবেশি লোপাটের সুযোগ পাবে। ফলে বেড়িবাঁধের স্থায়ী সমাধানে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা আগ্রহ দেখান না।”

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ শাহরিয়ার বলেন, বৃষ্টি বন্ধ থাকায় নদীতে পানি কমতে শুরু করেছে। আর মুহুরী নদীর বেড়িবাঁধের যে তিনটি স্থান ভেঙে গেছে সেসব স্থান দ্রুত মেরামতের কাজ চলছে।

আরও পড়ুন:

ফেনীতে বন্যা: ফুলগাজীতে উন্নতি, পরশুরামে অবনতি

ফেনীতে মুহুরীর পানি বিপৎসীমার উপরে, বাঁধের নতুন স্থানে ভাঙন

ফেনীতে মুহুরী নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন, ১০ গ্রাম প্লাবিত