২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-৩: স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলা, আহত ১০

নৌকার সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ঈগল প্রতীকের প্রার্থী সাখাওয়াত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 09:40 PM

Updated : 29 Dec 2023, 09:40 PM

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটের প্রচারে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে ১০ জন আহত হয়েছেন। 

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে; যাকে নৌকার সমর্থক বলেছে পুলিশ। আটকের নাম মঞ্জিল তালুকদার। 

শুক্রবার বিকালে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম। 

ঈগল প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, “ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছিলাম। এ সময় নৌকার ক্যাম্প থেকে আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে আইয়ুব আলী ও হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।” 

হামলার বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল আজিজের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ করেননি। 

নৌকার সমর্থক তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার বলেন, “স্বতন্ত্র প্রার্থী সুইটের ওপর হামলার কথা শুনেছি। বিস্তারিত কিছু জানা নেই।” 

ঘটনাস্থলে থাকা তাড়াশ থানার এসআই বদিউজ্জামান বলেন, “স্বতন্ত্র প্রার্থী প্রচারপত্র দিয়ে ভোট প্রার্থনার করছিলেন। এ সময় পেছন থেকে নৌকার সমর্থকরা ঈগলের সমর্থকদের কিলঘুষি ও চড়-থাপ্পর মারতে থাকেন। তাৎক্ষণিক প্রার্থীকে নিরাপদ স্থানে নিয়ে গেছি এবং দুপক্ষকেই শান্ত করি।” 

ঘটনাস্থল পরিদর্শনের পর ওসি নজরুল বলেন, হামলার ঘটনায় নৌকার এক সমর্থককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।