চুয়াডাঙ্গায় প্রায় পৌনে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত থেকে গত তিন বছরে এসব মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত থেকে গত তিন বছরে উদ্ধার হওয়া প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, নষ্ট করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৬ হাজার ১৮৮ বোতল ফেনসিডিল, পাঁচ দশমিক ৫২ কেজি হেরোইন, ৬৭০ দশমিক ১৫ কেজি গাঁজা, ৬১১ পিস ইয়াবা, ৩৭ লিটার দেশীয় লুজ মদ, সাত বোতল বিয়ার, তিন হাজার ৬৩৬ প্যাকেট ভারতীয় বিড়ি, পাঁচ হাজার ৯৭৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট, দুই হাজার ৫৫০ পিস নেশা জাতীয় ইনজেকশন ও ৪৭ গ্রাম কোকেন।
বিজিবির অভিযানে আটক এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৮২৭ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, “মাদকাসক্ত ব্যক্তি সমাজের বোঝা। সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
“যুবসমাজ ও দেশকে রক্ষা করতে বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে আসা মাদক অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে।”
এসময় বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেনসহ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
