নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
চার হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলম নামে ওই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১) বৃহস্পতিবার সকাল ৯টায় বেগমগঞ্জ চৌরাস্তা জামে মসজিদের পূর্ব পাশে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোহাম্মদ আলম (৩৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী শিবিরের মো. আলী হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক বলেন, রোহিঙ্গা শিবির থেকে সংগ্রহ করা ইয়াবার চালানটি নিয়ে তিনি নোয়াখালীর হাতিয়ায় যাচ্ছিলেন।
মাদকের এই চালানের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে এবং এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
