‘সুষ্ঠু নির্বাচনের জন্য’ সরানো হল ফরিদপুরের এসপিকে
একই সঙ্গে ডিএমপি উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার এসপি পদে পদায়ন করা হয়েছে।
পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষর এক আদেশে তাকে বদলির কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষভাবে’ অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।
একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন।
পরে রোববার এসপি মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয়েছে।
এর আগে রোববার গণমাধ্যমের কাছে ফরিদপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আওয়ামী লীগের নির্বাচনী কো-চেয়ারম্যান ও ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহ।
জেলার সদরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তিনি বলেছিলেন, “ফরিদপুরে চারটি সংসদীয় আসনে বিপুল অর্থের মালিকরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদের অর্থের কাছে আমাদের জেলা পুলিশ সুপার এখন নতজানু।”
বার বার বলার পরেও পুলিশ প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয় অভিযোগ করে নির্বাচনের সময়ে সব প্রার্থীর সমান অধিকারের দাবিও জানান নৌকা মার্কার প্রার্থী কাজী জাফর উল্যাহ।
