দিনাজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, এক পরিবারের ৪ জনের মৃত্যু
শাশুড়ির পায়ের চিকিৎসার জন্য সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দিনাজপুর যাচ্ছিল ওই পরিবারের সদস্যরা।
দিনাজপুর চিরিরবন্দরে উচিতপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উচিতপুরে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।
নিহতরা হলেন- উত্তম রায় (৩৫), তার স্ত্রী পল্লবী রায় (৩২), তাদের সন্তান অপূর্ব (১০) ও উত্তমের ভাগিনা অর্ণব (৭)। আহত হয়েছেন পল্লবীর মা জতিকা রানী (৫০)।
উত্তম ও পল্লবীর বাড়ি পাবতীপুরের হরিরামপুর। জতিকা রানীর বাড়ি নবাবগঞ্জের মির্জপুরে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বজলুর জানান- জতিকার রানীর পায়ের চিকিৎসার জন্য তারা নবাবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দিনাজপুর আসছিল। পথে উচিতপুরে পৌঁছালে একই দিকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই অপূর্ব ও অর্ণব মারা যায়। আহত পল্লবী, উত্তম ও জতিকা রানীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পল্লবী ও উত্তমকে মৃত ঘোষণা করেন।
আহত জতিকা রানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান- দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেলেও সেটি শনাক্তে কাজ চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
