রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা, আটক ৮
‘অনুমতি ছাড়া’ জামায়াত হঠাৎ নগরীতে মিছিল বের করলে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়ার কথা জানায় পুলিশ।
রংপুরে ‘অনুমতি ছাড়া’ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে জামায়াত-শিবিরের আটজনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর ভাঙ্গা মসজিদের গলি থেকে মিছিলটি বের হয় বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উৎপল কুমার রায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জোহরের নামাজের পর জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সদর জামে মসজিদ থেকে জামায়াতের আরও একটি মিছিল বের হয়।
দুটি মিছিল একসঙ্গে নগরীর সুপার মার্কেট হয়ে পায়রা চত্বরের দিকে যাওয়ার পথে মিনি মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে আটজনকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার উৎপল কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমতি ছাড়াই হঠাৎ করে জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আমরা মিছিলটি শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছি।”
যাচাই-বাছাই করে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
