ময়মনসিংহে মেরামতের সময় বাসে আগুন
বাসের ব্যাটারির সঙ্গে অন্য তারের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ময়মনসিংহ সদরে গ্যারেজে মেরামতের সময় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চায়নামোড়ের ময়লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন।
তিনি বলেন, ঢাকা-শেরপুর সড়কে চলাচল করা সোনার বাংলা পরিবহনের একটি বাস গ্যারেজে মেরামতের কাজ চলছিল। কাজ করার সময় বাসের জানালা বন্ধ ছিল। দুপুর দেড়টার দিকে বাসটিতে আগুন ধরে যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে তিনি জানান।
আগুনে বাসের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বাসের ব্যাটারির সঙ্গে অন্য তারের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
গ্যারেজের শ্রমিক জাকির হোসেন বলেন, “আমি বাসের নিচে শুয়ে কাজ করছিলাম। হঠাৎ উপর থেকে তাপ অনুভূত হলে বের হয়ে দেখি ভেতরে আগুন। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি।”
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এটি কোনো নাশকতা নয়।
