২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে গৃহবধূ ধর্ষণের দায়ে কবিরাজ ও সহকারীর যাবজ্জীবন

ওই গৃহবধূ অসুস্থতার মধ্যে কবিরাজের কাছে ঝাড়ফুঁক করাচ্ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।

রাজবাড়ীতে গৃহবধূ ধর্ষণের দায়ে কবিরাজ ও সহকারীর যাবজ্জীবন

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 07:38 PM

Updated : 25 Jun 2023, 07:38 PM

রাজবাড়ীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে কবিরাজ ও তার সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় দেন বলে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) এবং তার সহযোগী চর বাগমারা গ্রামের ফারুক বিশ্বাস (৩৫)।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল বলেন, ওই গৃহবধূ অসুস্থতার মধ্যে কবিরাজের কাছে ঝাড়ফুঁক করাচ্ছিলেন। তার মধ্যে ২০২১ সালের ১৩ এপ্রিল ঝাড়ফুঁকের কথা বলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ১৫ এপ্রিল গৃহবধূ মামলা করেন। এরপর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

আইনজীবী বলেন, আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে ন‍্যায়বিচার হয়েছে।