০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

আসামিদের স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে সংগৃহীত অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 07:08 PM

Updated : 07 Oct 2026, 07:08 PM

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মো. রোকনুজ্জামান জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাসিন্দা মো. আরিফ (২৩) ও মো. রুবেল (২৩)।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৪ সালের ৫ মে রাতে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন আরিফ ও রুবেল। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে। রায়ের পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আইনজীবী বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আসামিদের স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে সংগৃহীত অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।