২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে বাকপ্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 08:11 PM

Updated : 23 Sep 2026, 08:11 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আট বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান জানান।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম (৩২) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৩ সালের ৪ অগাস্ট হাতীবান্ধা উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান শহিদুল। সেখানে বাড়ি ফাঁকা পেয়ে মোবাইলে ছবি দেখানোর কথা বলে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে এনে ধর্ষণ করেন তিনি।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে গিয়ে ইশারায় তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলা করেন।

আইনজীবী বলেন, আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।