২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ছালাম তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এ হত্যাকাণ্ড ঘটান।

চাঁদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস ছালামকে চাঁদপুর আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 08:12 PM

Updated : 12 Jun 2023, 08:12 PM

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোরশেদ আলম শাওন জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস ছালাম ওই উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি খোরশেদ আলম জানান, ২০০৯ সালের ১০ এপ্রিল পারিবারিকভাবে একই ইউনিয়নের নাহারা গ্রামের মো. আবু তাহেরের মেয়ে নাজমার সঙ্গে ইজিবাইক চালক আব্দুস ছালামের বিয়ে হয়। বিয়ের সময় মেয়েপক্ষ ছালামকে এক লাখ টাকার জিনিসপত্র দেয়।

প্রায় এক বছর তাদের দাম্পত্য জীবন ভালো চলে। এরপর তাদের একটি মেয়ে হয়। পরে ইজিবাইক কেনার জন্য নাজমার কাছে টাকা দাবি করতে থাকেন ছালাম। কিন্তু টাকা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।

এই আইনজীবী আরও জানান, এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় দুই লাখ টাকা যৌতুক দাবি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছালাম নাজমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির চারদিন পর ১৪ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় ১২ অক্টোবর নাজমার বড় ভাই মো. সাইদুল ইসলাম বাদী হয়ে আব্দুস ছালামকে আসামি করে কচুয়া থানায় মামলা করেন। মামলায় পর আসামি ছালামকে পুলিশ গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন এসআই নুরল ইসলাম ১০১২ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর সাতজনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।