রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষে রামদা-ছুরি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া
এ ঘটনায় আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা-ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা।
আহত রাব্বি মিয়া ও নিহাল ভূঁইয়াকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আটকদের নাম-পরিচয়ও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল।
নির্বাচন ঘিরে এ দ্বন্দ্ব আরও বেড়েছে। সন্ধ্যার পর দেশি অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় গোলাম রসুলের ভাইয়ের মালিকানাধীন মিষ্টির দোকান ভাঙচুর করা হয়।
সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে গোলাম রসুল ও আব্দুর রহিমের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।
ওসি দীপক চন্দ্র বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
