পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আটক ১
এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান।
আহতরা হলেন- জিহাদ মাতুব্বর, নাইম, শান, তাশফি ও নিরব। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুরুতর আহত জিহাদ মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সংঘর্ষের ঘটনায় আটক মো. নাফিস আহমেদ পৌর ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা বলেন, এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় তা সংঘর্ষে রূপ নেয়। কারও কারও হাতে দেশীয় অস্ত্রও ছিল।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ওসি শরিফুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
