নরসিংদীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, বাড়ছে শনাক্ত
গত ২৪ ঘণ্টায় শনাক্ত সাত জনসহ মোট ১৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী জেলা হাসপাতালে ডেঙ্গুতে এক নারীর প্রাণ গেছে; এ ছাড়া নতুন করে আরও সাতজন রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান জানান।
মৃত পুষ্প রানী সাহা (৭১) সদর উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা। শনিবার তার ডেঙ্গু শনাক্ত হয়; তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত সাত জনসহ এ জেলায় মোট ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ১০ জন ও সদর হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছেন।
এ জেলায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি এ জেলায় মোট ৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এদিকে প্রতিদিন ডেঙ্গু উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য জেলার হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে বলে জানান সিভিল সার্জন।
