২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যবসায়ীর গলাকাটা লাশ

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি আউয়াল।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 08:39 PM

Updated : 14 Mar 2024, 08:39 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজ একদিন পর ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকায় লাশটি পাওয়া যায় বলে সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম জানান।

নিহত আব্দুল আউয়াল (২৪) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইলে রিচার্জের ব্যবসা করতেন।

স্বজনদের বরাতে ওসি মাহবুব বলেন, বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি আওয়াল। রাত থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

“সকালে ওই এলাকার একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়।”

এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান ওসি।