কুষ্টিয়ায় মামাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
মামাতো ভাই সাহেদকে হঠাৎ নদীতে তলিয়ে যেতে দেখে তানজিদা তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই ডুবে যায়।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মামাবাড়ি বেড়াতে গিয়ে গড়াই নদীতে গোসলে নেমে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে করে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান।
নিহতরা হলেন- উপজেলার শেরকান্দি গ্রামের মো. শামীম হোসেনের মেয়ে তানজিদা আফরিন (১৩) এবং একই উপজেলার জয়নাবাদ গ্রামের মো. আলমগীর হোসেনের আট বছর বয়সি ছেলে সাহেদ আলী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
সহকারী পরিচালক জানে আলম বলেন, দুপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে তানজিদা ও সাহেদ আলী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
“তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা নিখোঁজ দুই শিশুকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।”
নিহত তানজিদার বাবা শামীম হোসেন বলেন, “ঈদের ছুটি থাকায় আমার মেয়ে তানজিদা তার মায়ের সঙ্গে মঙ্গলবার মামার বাড়ি বেড়াতে যায়। সেখানে তানজিদা তার মামাতো ভাই সাহেদের সঙ্গে গড়াই নদীতে গোসল করতে যায়। এ সময় সাহেদ হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে দেখে তানজিদা তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই ডুবে যায়।
“এ সময় আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
