সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৪.১ ওভারে ৬৭/০
20 Apr 2025, 05:51 PM
হতাশার প্রথম দিন
ব্যাটিং ভালো হয়নি একদমই। একের পর এক ব্যাটসম্যান উপহার দিয়ে এসেছেন নিজের উইকেট। দিনের শেষ বেলায় বোলিংও ভালো হলো না বাংলাদেশের। সাবলীল ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েছেন জিম্বাবুয়ের দুই ওপেনার।
আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয় দিনের খেলা। এর আগে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান করে জিম্বাবুয়ে।
ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৬ চারে ৩৭ বলে ৪০ রানে ব্যাট করছেন ব্রায়ান বেনেট। দুই চারে ৪৯ বলে ১৭ রানে খেলছেন বেন কারান।
প্রথম দিন শেষে কেবল ১২৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।
চার জন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের কেউই খুব একটা ভাবাতে পারেননি ব্যাটসম্যানদের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নিয়াউচি ১৫-২-৭৪-২, মাধেভেরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৪.১ ওভারে ৬৭/০ (বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ৫-২-১৬-০, নাহিদ ৪.১-০-২১-০, খালেদ ২-০-১১-০, মিরাজ ৩-১-১০-০)
20 Apr 2025, 05:24 PM
শুরুর জুটিতে জিম্বাবুয়ের পঞ্চাশ
প্রথম দিনের শেষ বেলায় সাবলীল ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে টানছেন বেন কারান ও ব্রায়ান বেনেট। ১০ ওভারে তারা উপহার দিয়েছেন পঞ্চাশ রানের জুটি।
নতুন বলে উইকেটের জন্য মরিয়া বাংলাদেশ। কিন্তু উইকেটের দেখা মিলছে না। ১০ ওভারের মধ্যে চার বোলার ব্যবহার করেও সফরকারীদের উদ্বোধনী জুটি ভাঙতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
১০ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৫০। ৩৬ বলে দুই চারে ১৫ রানে খেলছেন কারান। ২৫ বলে তিন চারে বেনেটর রান ২৫।
20 Apr 2025, 04:18 PM
মাধেভেরের জোড়া আঘাত
ওয়েসলি মাধেভেরের জোড়া আঘাতে ১৯১ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।
অফ স্পিনারের বলে ছক্কার চেষ্টায় অনেক উঁচুতে ক্যাচ দেন জাকের আলি। এক্সট্রা কাভারে আস্থার সঙ্গে মুঠোয় জমান বেন কারান।
৫৯ বলে ছয় চারে ২৮ রান করেন জাকের।
১১ নম্বরে নামা নাহিদ রানা টেকেন কেবল চার বল। গতিময় ডেলিভারির লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি।
শূন্য রানে বেঁচে গিয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ৪০ রানের ইনিংস। দলের আর কেউ যেতে পারেননি ৪০ পর্যন্ত।
পঞ্চশ ছোঁয়া জুটি কেবল একটি, গড়েন মুমিনুল ও শান্ত।
তিনটি করে উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি। দুটি করে শিকার ধরেন মাধেভেরে ও ভিক্টর নিয়াউচি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নিয়াউচি ১৫-২-৭৪-২, মাধেভেরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)
20 Apr 2025, 04:15 PM
চমৎকার ডেলিভারিতে বোল্ড হাসান
অষ্টম উইকেট জুটির প্রতিরোধ ভাঙলেন ব্লেসিং মুজারাবানি। তার চমৎকার এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন হাসান মাহমুদ।
শর্ট বলে বোলারদের পরীক্ষা নিচ্ছেন মুজারাবানি। আরেকটি শর্ট বলেরই অপেক্ষায় ছিলেন হাসান। সে কারণে এমন কোনো ডেলিভারির জন্য প্রস্তুত ছিলেন না তিনি। বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি। ভাঙে ৬৭ বল স্থায়ী ৪১ রানের জুটি।
ক্রিজে গিয়ে প্রথম বলে বাউন্ডারি পেয়ে যান সৈয়দ খালেদ আহমেদ।
৬০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৯১।
20 Apr 2025, 03:45 PM
জীবন পেলেন জাকের
অন্তত দুইশ রান পর্যন্ত বাংলাদেশের ভরসা এখন জাকের আলি। চা-বিরতির পর নিজের প্রথম বলেই ফিরে যেতে পারতেন তিনি! বেঁচে গেলেন ব্রায়ান বেনেটর ব্যর্থতায়।
তৃতীয় সেশনের প্রথম ওভার করেন ওয়েলিংটন মাসাকাদজা। পঞ্চম বলে ২ রান নেওয়ার পর শেষ বলে বাউন্ডারি মারেন হাসান মাহমুদ।
পরের ওভার করেন ভিক্টর নিয়াউচি। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দেন জাকের। দ্রুত গতিতে যাওয়া বল তৃতীয় স্লিপে মুঠোয় নিতে পারেননি বেনেট। উল্টো হয়ে যায় চার।
সে সময় ১০ রানে ছিলেন জাকের।
৫২ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬৫।
20 Apr 2025, 03:19 PM
৫ উইকেটের বাজে সেশন
২৬ ওভারে ৭০ রান যোগ করতে ৫ উইকেট হারাল বাংলাদেশ। দুইশর নিচেই তাদের গুটিয়ে দেওয়ার আশা জাগাল জিম্বাবুয়ে।
নাজমুল হোসেন শান্তর বিদায় দিয়ে পঞ্চাশ ছোঁয়া জুটি ভাঙা দিয়ে ধসের শুরু। এরপর একে একে বিদায় নেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
৫ উইকেটের তিনটি নিয়ে সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। বলতে গেলে তিন উইকেটই একরকম উপহার পেয়েছেন তিনি। বাকি দুটি নিয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি।
৪০ রান করে বিদায় নেন অধিনায়ক। ৫৬ রানে থামেন মুমিনুল।
ইনিংস যতটা সম্ভব বড় করতে বাংলাদেশ তাকিয়ে জাকের আলির দিকে। ক্রিজে তার সঙ্গী হাসান মাহমুদ। ব্যাটিংয়ে বাকি কেবল সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
৫০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৫৪। ১০ রানে ব্যাট করছেন জাকের। হাসানের রান ৪।
20 Apr 2025, 03:09 PM
দ্রুত ফিরলেন তাইজুল
আরও একটি উইকেট উপহার পেলেন ওয়েলিংটন মাসাকাদজা। বাঁহাতি স্পিনারের লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর গ্লাভসে ধরা পড়লেন তাইজুল ইসলাম।
লেগ স্টাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে যাচ্ছিল বল। শাফল করে লেগে খেলার চেষ্টায় ঠিক মতো টাইমিং করতে পারেননি তাইজুল। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে কিপারের গ্লাভসে।
১৯ বলে তিন রান করে ফেরেন তাইজুল। তিনি মাসাকাদজার তৃতীয় শিকার।
ক্রিজে গিয়েই চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারি মারেন হাসান মাহমুদ। দলের রান স্পর্শ করে দেড়শ।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৫০। দলকে দুইশ রানের চ্যালেঞ্জ হাসান ও জাকের আলির কাঁধে।
20 Apr 2025, 02:50 PM
শর্ট বলে ফিরলেন মিরাজ
নতুন স্পেলে ফিরে টানা শর্ট বল করে যাচ্ছেন ব্লেসিং মুজারাবানি। সাফল্য পেতেও দেরি হয়নি দীর্ঘদেহী পেসারের। লাফিয়ে ওঠা ডেলিভারিতে ভড়কে গিয়ে কট বিহাইন্ড হলেন মেহেদী হাসান মিরাজ। ৪ বলে ১ রান।
মাত্র ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। জাকের আলির সঙ্গে জুটি বাধতে ক্রিজে তাইজুল ইসলাম।
৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান।
20 Apr 2025, 02:45 PM
পঞ্চাশ করেই মুমিনুলের বিদায়
আগের ওভারে ব্লেসিং মুজারাবানির টানা কয়েকটি শর্ট বলে কিছুটা নড়বড়ে হয়ে যান মুমিনুল হক। তবে কানায় লেগে পাওয়া চারে ফিফটি পূর্ণ হয় তার। পরে ফাইন লেগ দিয়ে তিনি পেয়ে যান ছক্কা।
পরের ওভারেই বাজল তার বিদায়ঘণ্টা। ওয়েলিংটন মাসাকাদজার ফুল লেংথ বলে বড় শট খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। ৮ চার ও ১ ছক্কায় ১০৫ বলে ৫৬ রান করে আউট হলেন তিনি।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান জাকের আলি ও মেহেদী হাসান মিরাজ।
৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৭ রান।
20 Apr 2025, 02:41 PM
দায়িত্বশীল ব্যাটিংয়ে মুমিনুলের পঞ্চাশ
টেস্টে টানা তিন ইনিংসে শূন্য রানে ফিরতে পারতেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে ফেরা টপ অর্ডারের ক্যাচ নিতে পারেননি জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভো।
জীবন পাওয়ার পর থেকে সফরকারীদের ভোগাচ্ছেন মুমিনুল। ব্লেসিং মুজারাবানির বলে বাউন্ডারিতে ১০০ বলে ছুঁয়েছেন পঞ্চাশ।
টেস্টে এটি বাঁহাতি ব্যাটসম্যান ২২তম ফিফটি, জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ। এক বল পর তিনি হাঁকান ম্যাচের প্রথম ছক্কা।
৪২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৫। ১০৪ বলে ৫৬ রানে খেলছেন মুমিনুল। ৬ বল খেলে এখনও রানের দেখা পাননি জাকের আলি।
20 Apr 2025, 02:29 PM
বাজে শটে মুশফিকের বিদায়
আক্রমণে এসেই সাফল্য পেলেন ওয়েলিংটন মাসাকাদজা। বাঁহাতি স্পিনারের বলে সহজ ক্যাচ দিলেন বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।
মাসাকাদজার শর্ট বল গায়ের জোরে লেগে খেলেছিলেন মুশফিক। কিন্তু যতটা উপরে তুলতে চেয়েছিলেন পারেননি। আপাত সাদামাটা ডেলিভারিতে ধরা পড়েন মিড উইকেটে, ব্রায়ান বেনেটের হাতে।
বোনাস উইকেটে দারুণভাবে ম্যাচে ফিরল জিম্বাবুয়ে। বাংলাদেশের উপর বাড়ল চাপ।
৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৩ রান। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী জাকের আলি।
20 Apr 2025, 02:02 PM
৩৫ ওভারে বাংলাদেশের একশ
মন্থর ব্যাটিংয়ে রান আসছে সহজে। একের পর এক ডট বল খেলছেন ব্যাটসম্যানরা। রান একশ ছুঁতে তাই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। অবশেষে ৩৫তম ওভারের প্রথম বলে মুমিনুল হকের বাউন্ডারিতে একশ ছুঁয়েছে বাংলাদেশ।
ভিক্টর নিয়াউচির পরের বলেই আউট হয়ে যেতে পারতেন মুমিনুল! ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপের পাশ দিয়ে বাউন্ডারি পেয়ে গেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৬। ৭৯ বলে পাঁচ চারে ৩৩ রানে খেলছেন মুমিনুল। ৭ বলে এখনও রানের দেখা পাননি মুশফিকুর রহিম।
20 Apr 2025, 01:51 PM
সহজ ক্যাচ দিলেন শান্ত
অফ স্টাম্পের বাইরে একটু বাড়তি বাউন্স করা বল মাটিতে রাখতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। বাউন্ডারির আশায় চালিয়ে দিলে ধরা পড়লেন ব্যাকওয়ার্ড পয়েন্টে।
ব্লেসিং মুজারাবানি ভালো করছেন সকাল থেকেই। বাড়তি বাউন্সের জন্য ব্যাটসম্যানদের বেশ ভোগাচ্ছেনও তিনি। তেমনই এক ডেলিভারিতে বাউন্ডারির আশায় ওয়েসলি মাধেভেরের হাতে সহজ ক্যাচ দিলেন শান্ত। ভাঙল ১২৮ বল স্থায়ী ৬৬ রানের জুটি।
ভালো শুরুটা বড় করতে পারলেন না শান্ত। ছয়টি চারে ফিরলেন ৬৯ বলে ৪০ রান করে।
৩১.৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৮। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
20 Apr 2025, 01:17 PM
ভেসে গেল ৩০ মিনিট
বৃষ্টির বাগড়ায় নষ্ট হলো ৩০ মিনিট। দ্বিতীয় সেশনের খেলা শুরু হলো লাঞ্চের সময় শেষ হওয়ার আধ ঘণ্টা পর। চা-বিরতি নেওয়া হবে বেলা তিনটা ১০ মিনিটে।
রিচার্ড এনগারাভার প্রথম ওভার মেডেন খেললেন নাজমুল হোসেন শান্ত।
২৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৪।
20 Apr 2025, 12:43 PM
মাঠে বৃষ্টি
সকাল থেকেই ছিল চোখরাঙানি। মধ্যাহ্ন বিরতিতে নেমে গেল বৃষ্টি। আপাতত মাত্রা তেমন বেশি নয়। তবে সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে উইকেট ও এর আশপাশের জায়গা ঢেকে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি দ্বিতীয় সেশনের খেলা।
20 Apr 2025, 12:07 PM
শান্ত-মুমিনুলের জুটিতে পঞ্চাশ
জিম্বাবুয়ে সুযোগ কাজে লাগাতে পারলে শূন্য রানে ভাঙতে পারত জুটি। তাদের ব্যর্থতায় পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
শূন্য রানে বেঁচে যাওয়া মুমিনুলের বাউন্ডারিতে ৭৭ বলে পঞ্চাশ স্পর্শ করে দুই বাঁহাতি ব্যাটসম্যানের জুটি।
প্রথম সেশনে ২ উইকেটে ৮৪ রান করেছে বাংলাদেশ। ৪৩ বলে পাঁচ চারে ৩০ রানে খেলছেন শান্ত। ৪৬ বলে দুই চারে মুমিনুলের রান ২১।
প্রথম ঘণ্টায় দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে হারিয়েছে বাংলাদেশ। পরের ঘণ্টা আস্থার সঙ্গে খেলেছেন শান্ত ও মুমিনুল। শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
দুটি উইকেটই নিয়েছেন পেসার ভিক্টর নিয়াউচি।
20 Apr 2025, 11:48 AM
জিম্বাবুয়ের ব্যর্থ রিভিউ
নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো জিম্বাবুয়ে।
রিচার্ড এনগারাভার ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে একটু সময় নিয়ে রিভিউ নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন।
এনগারাভার বাড়তি বাউন্স করা ডেলিভারি চলে যেত স্টাম্পের উপর দিয়ে। টিকে যান শান্ত, নষ্ট হয় জিম্বাবুয়ের একটি রিভিউ।
২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৬।
২৭ বলে তিন চারে ১৯ রানে খেলছেন শান্ত। ৩৭ বলে এক চারে মুমিনুল হকের রান ১৫।
20 Apr 2025, 11:11 AM
শূন্য রানে জীবন পেলেন মুমিনুল
দুই ওপেনারের পর প্রথম ঘণ্টায় মুমিনুল হকের উইকেটও হারাতে পারত বাংলাদেশ। উইকেটরক্ষক নিয়াশা মায়াভো পারলেন না ক্যাচ গ্লাভসে নিতে।
সিলেটের উইকেটে প্রথম ঘণ্টায় চোখে পড়েছে অসমান বাউন্স। কিছু বল নিচু হয়েছে, কিছু বাড়তি লাফিয়েছে। ব্লেসিং মুজারাবানির এমন এক ডেলিভারি মুমিনুলকে চমকে দিয়ে গ্লাভস ছুঁয়ে যায়। কিন্তু লাফিয়েও বল গ্লাভসে নিতে পারেননি প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলা মায়াভো।
শূন্য রানে বেঁচে যান মুমিনুল।
প্রথম ঘণ্টায় ১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৪। ২ রানে খেলছেন মুমিনুল। শূন্য রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।
20 Apr 2025, 11:02 AM
টিকলেন না জয়
পরপর দুই ওভারে বাংলাদেশের দুই ওপেনারকে ফেরালেন ভিক্টর নিয়াউচি। সাদমান ইসলামের পর তিনি নিলেন মাহমুদুল হাসান জয়ের উইকেট।
অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ইন সুইং হতে পারে ভেবে খেলেছিলেন জয়। কিন্তু নিয়াউচির ডেলভারি যায় সোজা, ব্যাটের কানা ছুঁয়ে। সহজ ক্যাচ গ্লাভসে নেন নিয়াশা মায়াভো।
৩৫ বলে দুই চারে ১৪ রান করেন জয়।
১০.৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩২। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
20 Apr 2025, 10:52 AM
সাদমানের বিদায়ে ভাঙল জুটি
বোলিংয়ে পরিবর্তন এনে সাফল্য পেল জিম্বাবুয়ে। গালিতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাদমান ইসলাম। ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি।
নবম ওভারে বোলিংয়ে পরিবর্তন আনেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন। ভিক্তর নিয়াউচির প্রথম বল ছিল লেগ স্টাম্পের বেশ বাইরে, পরেরটি ‘নো।’ সেই তিনিই চতুর্থ বলে পেয়ে গেলেন সাদমানের উইকেট।
অ্যাঙ্গেল একটু ভেতরে ঢোকা বল অফ স্টাম্পের বাইরেই ছিল। একটু আগেভাগেই স্ট্রেট ড্রাইভ করে ফেলায় টাইমিং হয়নি। বল যায় গালিতে, সেখানে কোনো ভুল করেননি ব্রায়ান বেনেট। ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি।
২৩ বলে এক চারে ১২ রান করেন সাদমান।
৮.৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। ক্রিজে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী মুমিনুল হক।
20 Apr 2025, 10:40 AM
বাংলাদেশের সাবধানী ব্যাটিং
দিনের শুরুতে সাবধানী বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিচ্ছেন না তারা। অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় কোনো আগ্রহ দেখাচ্ছেন না।
শুরুর কঠিন সময় দুই ব্যাটসম্যান কাটিয়ে দিচ্ছেন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায়। জয় একবার বেঁচে গেছেন আম্পায়ার্স কলে। আরেক প্রান্তে সাবলীল সাদমান।
৮ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৪। ৩০ বলে ১৩ রানে ব্যাট করছেন মাহমুদুল। ১৯ বলে সাদমানের রান ৯।
20 Apr 2025, 10:27 AM
আম্পায়ার্স কলে বাঁচলেন জয়
ব্লেসিং মুজারাবানির ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে লাগাতে পারলেন না মাহমুদুল হাসান জয়। প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দিলেন না আম্পায়ার।
বেশ কিছুক্ষণ ভেবে রিভিউ নিলেন ক্রেইগ আরভাইন। রিপ্লেতে দেখা গেল, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। তাই আম্পায়ার্স কলে বেঁচে যান জয়।
৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২২ রান। জয় ১৯ বলে ১১ ও সাদমান ইসলাম ১২ বলে ৭ রানে অপরাজিত।
20 Apr 2025, 10:07 AM
জিম্বাবুয়ে একাদশে তিন পেসার ও তিন অলরাউন্ডার
স্বাগতিকদের মতোই তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার সঙ্গে সুযোগ পেয়েছেন ভিক্টর নিয়াউচি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ওয়েলিংটন মাসাকাদজা।
এর সঙ্গে অবশ্য তিন অলরাউন্ডারও আছে জিম্বাবুয়ে দলে। দলের প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে দেখা যাবে শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরেকে।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভাইন, ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
20 Apr 2025, 09:42 AM
বাংলাদেশের একাদশে তিন পেসার
প্রথম টেস্টের একাদশে কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ দুই স্পিনার নিয়ে নামছে তারা।
পেস বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম।
কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে। ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
20 Apr 2025, 09:35 AM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন বছরে প্রথম টেস্টে কয়েনভাগ্য নিজের পক্ষেই পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
সিলেটের মাঠে সকাল থেকেই চলছে মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি খেলা। তবে মেঘের দাপট তেমন নেই।
20 Apr 2025, 09:29 AM
নতুন পথে ছোটার আশায় বাংলাদেশ
চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নতুন লড়াইয়ে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে গত বছরের বাজে পারফরম্যান্স পেছনে ফেলে এই সিরিজ দিয়েই নতুন কিছু দেখানোর আশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকাল ১০টায় শুরু খেলা। ম্যাচের পাঁচ দিন জুড়েই আছে বৃষ্টির চোখরাঙানি।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আট ম্যাচের সাতটিই জিতেছে বাংলাদেশ। হেরে যাওয়া একমাত্র ম্যাচটি ছিল সিলেটেই। ২০১৮ সালে মাঠের অভিষেক ম্যাচে স্বাগতিকদের ১৫১ রানে হারায় জিম্বাবুয়ে।
সাম্প্রতিক সময়ে অবশ্য একদমই নাজুক অবস্থায় সফরকারীরা। গত ৪ বছরে একটি ম্যাচও জেতেনি হারা। হেরেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো নবীন দেশের বিপক্ষেও। তাই স্বাগতিকদের পরীক্ষা নিতে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও বদলাতে হবে তাদের।
