২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মেসির জন্য সরিয়ে নেওয়া হলো ভেন্যু, রেকর্ড দর্শকের ম্যাচে মায়ামির জয়

লিওনেল মেসির দল এখন এবারের মেজর লিগ সকারের একমাত্র অপরাজিত দল।

মেসির জন্য সরিয়ে নেওয়া হলো ভেন্যু, রেকর্ড দর্শকের ম্যাচে মায়ামির জয়
মেসি গোল না পেলেও জিতেছে দল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2025, 10:33 AM

Updated : 26 Aug 2026, 12:32 PM

কলম্বাস ক্রুর ঘরের মাঠের দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! ম্যাচটি সরিয়ে নেওয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর সত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো। মেসিদের জয়যাত্রাও চলতে থাকল। 

মেজর লিগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় শনিবার সকালের এই ম্যাচের ৩০তম মিনিটে দুর্দান্ত ডাইভিং হেডে গোলটি করেন বেনহামিন ক্রেমাস্কি। 

মাঠে এ দিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড।

গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি গায়ে দর্শক ছিল ঘরের দলের হলুদ জার্সির দর্শকের প্রায় সমানে সমান।

যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি। 

মেসির জনপ্রিয়তা ফুটে উঠেছে গ্যালারিতে। ছবি: রয়টার্স।

মেসির জনপ্রিয়তা ফুটে উঠেছে গ্যালারিতে

২৯তম মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল কলম্বাস। শেষ মুহূর্তে আঙুলের ছোঁয়ায় মায়ামিকে রক্ষা করেন অস্কার উস্তারি। এরপরই ক্রেমাস্কির দুর্দান্ত হেডে এগিয়ে যায় মায়ামি। ২০ বছর বয়সী মিডফিল্ডারের এটি মৌসুমে প্রথম গোল। 

৪২তম মিনিটে বক্সের ভেতর বল নিয়ে কারিকুরি করে ডিফেন্ডারকে বিভ্রান্ত করে শট নিয়েছিলেন মেসি, তবে একজনের পায়ে লেগে তা চলে যায় বাইরে। গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন তিনি প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রায় ২৫ গজ দূর থেকে তার বাঁকানো শট একটুর জন্য বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে কলম্বাস ক্রু বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করেও সফল হয়নি। তিন দফায় মায়ামিকে রক্ষা করেন গোলকিপার উস্তারি। ক্রুর আক্রমণভাগের ব্যর্থতাও ছিল কিছু। একদম শেষ সময়ে খুব কাছ থেকেও ফাঁকা পোস্টে বল পাঠাতে পারেনি দানিয়েল গজদগ।

আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট কালিতার তিনে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।