১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফুলজোড় নদীর দূষণ: বগুড়ার দুই কারখানাকে জরিমানা

শুনানিতে কারখানা দুটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন; জরিমানার অর্থ তাদেরকে সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

ফুলজোড় নদীর দূষণ: বগুড়ার দুই কারখানাকে জরিমানা

দূষণের কারণে এভাবেই ফুলজোড় নদীতে ভেসে উঠেছিল মৃত মাছ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2023, 09:45 PM

Updated : 06 Jun 2023, 10:11 PM

সিরাজগঞ্জের ফুলজোড় নদী দূষণের অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার সেই দুই কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেদওয়ান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো শেরপুরের রাজাপুর এলাকার এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সোনকা এলাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড।

এ বিষয়ে গত ৩ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধন ও নদীদূষণের অপরাধে এই দুই কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়; পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

Image

দূষণের দায়ে জরিমানা করা হয়েছে মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের এ কারখানাকে।

আরেক প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেডকে ৫ লাখ ৩৫ হাজার ৪০ টাকা জরিমানা করা হয়।

শুনানিতে কারখানা দুটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ তাদেরকে সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে কারখানার রাসায়নিক বর্জ্য ফেলায় নদীর পানি বিষাক্ত হয়ে যায়। নদীর প্রায় ২৫ কিলোমিটার এলাকার মাছসহ সবধরনের জলজপ্রাণী মরে ভেসে উঠলে বিষয়টি নজরে আসে।

Image

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

দূষণের কারণে এ নদীতে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করা দুই শতাধিক চাষির কয়েক কোটি টাকার ক্ষতি হয়। নদীতে গোসল করে অসুস্থও হয়ে পড়েন স্থানীয়রা, পানি পান করে মারা যায় গবাদিপশু।

পুরানো খবর:

কারখানার বর্জ্যে ফুলজোড় নদী দূষণে মরছে মাছ

এ পরিস্থিতিতে কিছুদিন নদীর পানি ব্যবহার না করতে নির্দেশনা দেয় প্রশাসন।

পরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ে একটি টিম ঘটনাস্থল ও ওই কারখানা দুটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে।