খুলনা সিটি নির্বাচনে ৫৬ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’
তালিকা অনুযায়ী, ৪, ৬, ৭, ১০ ও ২৮ নম্বর ওয়ার্ডের সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ১৯ নম্বর ওয়ার্ডে একটি বাদে অন্য সব কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫৬ শতাংশ ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নগরীর ৩১টি ওয়ার্ডের আওতায় ভোটকেন্দ্র ২৮৯টি। এগুলোর মধ্যে এবার নির্বাচনে ১৬১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ১২৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে খুলনা মহানগর পুলিশ।
মহানগর পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা বলেন, “বিভিন্ন দিক বিবেচনা করে কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়। সেক্ষেত্রে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে সাতজন পুলিশ ও ১২ জন আনসার এবং সাধারণ প্রতিটি কেন্দ্রে সাতজন পুলিশ ও ১০ জন আনসার মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তালিকা অনুযায়ী, ৪, ৬, ৭, ১০ ও ২৮ নম্বর ওয়ার্ডের সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ১৯ নম্বর ওয়ার্ডে একটি বাদে অন্য সব কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়।
অন্যদিকে ১৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের কোনো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই তিন ওয়ার্ডে ২৩টি কেন্দ্র রয়েছে।
এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে ছয়টি, ৬ নম্বর ওয়ার্ডে নয়টি, ৭ নম্বর ওয়ার্ডে চারটি, ১০ নম্বর ওয়ার্ডে ১২টি ও ২৮ নম্বর ওয়ার্ডে নয়টি ভোটকেন্দ্র রয়েছে। এই পাঁচটি ওয়ার্ডের ৪০টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ।
এর বাইরে ১ নম্বর ওয়ার্ডের আটটি কেন্দ্রের মধ্যে ছয়টি, ২ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্রের মধ্যে একটি, ৩ নম্বর ওয়ার্ডের ১১টি কেন্দ্রর মধ্যে চারটি, ৫ নম্বর ওয়ার্ডের ছয়টি কেন্দ্রের তিনটি, ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রের দুটি, ৯ নম্বর ওয়ার্ডের ১৩টি কেন্দ্রের মধ্যে নয়টিই ঝুঁকিপূর্ণ।
১১ নম্বর ওয়ার্ডের পাঁচটি, ১২ নম্বর ওয়ার্ডের চারটি, ১৪ নম্বর ওয়ার্ডের চারটি, ১৫ নম্বর ওয়ার্ডের তিনটি, ১৬ নম্বর ওয়ার্ডের ১০টি, ১৭ নম্বর ওয়ার্ডের পাঁচটি, ১৮ নম্বর ওয়ার্ডের চারটি, ২০ নম্বর ওয়ার্ডের ছয়টি, ২১ নম্বর ওয়ার্ডের পাঁচটি, ২২ নম্বর ওয়ার্ডের ছয়টি, ২৩ নম্বর ওয়ার্ডের তিনটি, ২৪ নম্বর ওয়ার্ডের ১০টি, ২৭ নম্বর ওয়ার্ডের ছয়টি, ২৯ নম্বর ওয়ার্ডের তিনটি, ৩০ নম্বর ওয়ার্ডের আটটি এবং ৩১ নম্বর ওয়ার্ডের সাতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, কেন্দ্রের দায়িত্বের বাইরে ৭১টি টহল টিম, ২০টি অতিরিক্ত মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও প্রতিটি থানায় স্ট্যান্ডবাই ফোর্স থাকবে।
সব মিলিয়ে নির্বাচনের কাজে মোট চার হাজার ৮২০ জন পুলিশ ও তিন হাজার ৪৬৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিজিবি ও র্যাব সদস্যরাও নির্বাচনের দিন মাঠে থাকবেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “গতবারের মতো এবারও ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তবে গতবারের চেয়ে ভোটকক্ষ বাড়ানো হয়েছে ১৭১টি। এবার ভোটকক্ষ রয়েছে এক হাজার ৭৩২টি। গত নির্বাচনে ভোটকক্ষ ছিল এক হাজার ৫৬১টি।”
ভোটকেন্দ্র ও ভোটকক্ষে কোনো অনিয়ম হচ্ছে কি-না, তা ঢাকা থেকে নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “এজন্য প্রতিটি ভোটকক্ষে একটি ও কেন্দ্রের সুবিধাজনক স্থানে দুটি করে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মোট ২ হাজার ৩১০টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র।”
এসব সিসিটিভি ক্যামেরায় ভোট গ্রহণ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও রেকর্ড রাখা হবে বলে জানিয়েছে কমিশন।
আগামী ১২ জুন খুলনা সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোটগ্রহণ হবে ইভিএমে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ২০১৮ সালের সিটি নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেকের বিপরীতে প্রার্থী ছিলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। নির্বাচনে দুই শক্তিশালী প্রার্থী থাকায় ওই বছর ঝুঁকিপূর্ণ কেন্দ্রও ছিল বেশি। সেবার প্রায় ৮১ শতাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
আরো পড়ুন :
