খুলনা সিটি নির্বাচন: বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
শনিবার মধ্যরাত পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন তারা।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের আর একদিন বাকি। সোমবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই ভোটগ্রহণকে সামনে রেখে খুলনায় আগের ও পরের দিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
এর মধ্যে শনিবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় কোনো মোটরসাইকেল চলাচল করতে পারবে না।
এ ছাড়া রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ গাড়ি, পিক আপ, প্রাইভেট কার ও ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে, অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যটকের ক্ষেত্রে ওই আইন শিথিল করা হয়েছে। এর বাইরে জরুরি সেবা কাজের সঙ্গে যুক্ত যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
৪২টি পদে লড়বেন ১৮০ প্রার্থী
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন তালুকদার আবদুল খালেক। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আছেন শফিকুল ইসলাম। তিনি খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল ও জাকের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেন।
আর একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন এসএম শফিকুর রহমান মুশফিক। তিনি গতবার জাতীয় পার্টির হয়ে নির্বাচন করেছিলেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী শনিবার মধ্যরাত পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন তারা।
সিটি করপোরেশনের মধ্যে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। মোট ২৮৯ ভোটকেন্দ্রের এক হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপনের কাজে এরমধ্যে শেষ করা হয়েছে।
আরও পড়ুন
নির্বাচনে না থাকলেও খুলনায় আলোচনায় ‘বিএনপির ভোটব্যাংক’
খুলনায় তালুকদার খালেকের ৪০ দফা ইশতেহার, নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ
কাউকে জয়ী করা বা হারানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়: সিইসি
