সিলেটে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের প্রাণদণ্ড
২০২২ সালে ১৮ মার্চ বাড়িতে একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৪ বছরের এক মেয়েকে ধর্ষণ মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাক আহমদ জানিয়েছেন।
দণ্ড পাওয়া মো. আবদুল্লাহ মিয়া (২৪) উপজেলার বগাইয়া হাওর-দক্ষিণপাড়ার বাসিন্দা।
পিপি মোস্তাক আহমদ বলেন, ২০২২ সালে ১৮ মার্চ উপজেলার একটি গ্রামে বাড়িতে একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় কিশোরীর বাবা ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে আবদুল্লাহকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
