গাজীপুরে দূরপাল্লার বাসে যাত্রী কম, কাজে পোশাক শ্রমিকরা
বাসন থানার ওসি বলেন, ভোর ৬টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে গাজীপুর নগরীতে যানচলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। সড়ক-মহাসড়কে পিকেটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
রোববার খুব সকালে কয়েকটি স্থানে পিকেটাররা রাস্তায় নামলেও পুলিশ তাদের সরিয়ে দেয়। এর মধ্যেও ভোরবেলায় ভোগড়া বাইপাস এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের এদিন বিক্ষোভ করতে দেখা যায়নি। প্রায় সব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি শান্ত থাকলেও সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, “আজকে মহানগরের বিভিন্ন এলাকায় অনেকগুলো টহল গাড়ি কাজ করছে। সড়ক-মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন রয়েছে।
“সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের জমায়েতের খবরও পাইনি।
কমিশনার আরও বলেন, “গার্মেন্টসে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। কোথাও কোনো অবরোধ, ভাঙচুর বা বিশৃঙ্খলার খবর পাইনি।”
সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় গিয়ে দেখা যায়, রাজধানী থেকে গাজীপুর হয়ে দূরপাল্লার বিভিন্ন পথের বাস চলাচল করলেও যাত্রী কম ছিল।
তবে অভ্যন্তরীণ সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা ছিল চোখেপড়ার মত। স্বল্প দূরত্বে চলা ইজিবাইক, অটোরিকশা ও লেগুনার চলাচল ছিল প্রায় স্বাভাবিক।
ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের যাত্রী সামিউর রহমান বলেন, তিনি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নির্বিঘ্নে গাজীপুরে পৌঁছেছেন।
ক্যাম্পাস পর্যন্ত পৌঁছাতে কোথাও তিনি বা তাকে বহনকারী বাস কোনো সমস্যার সম্মুখীন হয়নি বলেও জানান সামিউর।
গাজীপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান উদ্দিন সরকার বলেন, “গাজীপুর থেকে সকাল হতেই বিভিন্ন রুটের বাস ছেড়ে যাচ্ছে। সব রুটের বাসই চলার জন্য প্রস্তুত রয়েছে।”
শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার আসপাডা মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধকারীরা মিছিল এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।
“ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো সমস্যা ও গোলযোগ হয়নি। গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে দূরপাল্লার গাড়ি ও যাত্রী কম দেখা গেছে”, যোগ করেন ট্রাফিক পরিদর্শক।
গাজীপুরে প্রায় সব বিপনী বিতান, দোকানপাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এ ছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্মিলিত শ্রমিক ফেডারেশনের টঙ্গী আঞ্চলিক কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, বিসিক শিল্পনগরীতে পোশাক কারখানার শ্রমিকরা সরকারি সিদ্ধান্তে আশ্বস্ত হয়ে কাজে মনোযোগ দিয়েছেন।
কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ
বাসন থানার ওসি ইব্রাহীম হোসেন বলেন, ভোর ৬টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিক্ষিপ্তভাবে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি ইব্রাহিম।
