আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে অগ্নিসংযোগ
জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে গাজীপুর সদর থানার ওসি জানান।
সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
তিনি বলেন, “কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরাতন টিনশেড বাড়ি। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল লোক বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, “জোড় পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটা কার বাড়ি আমরা নিশ্চিত নই। কেউ বলছেন, সাবেক মন্ত্রীর বাড়ি। আবার কেউ বলছেন, অন্য কারও বাড়ি।”
