বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের চালক-হেলপার নিহত
আহত হয়েছেন বাসের সহকারী ও সুপারভাইজারসহ অন্তত ১০ যাত্রী।
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সহকারী ও সুপারভাইজারসহ অন্তত ১০ যাত্রী।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার মুণ্ডাপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বলে হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন।
নিহতরা হলেন, নসিমন চালক উজিরপুরের বরতা গ্রামের বাসিন্দা আয়নাল হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (২৮) ও একই গ্রামের বাসিন্দা ইউসুফ হাওলাদারের ছেলে চালকের সহকারী রুবেল হাওলাদার (২০)।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। অপরদিকে গৌরনদী উপজেলা থেকে উজিরপুরের ইছলাদি যাচ্ছিল নসিমনটি। মুন্ডপাশা প্রজেক্ট এলাকার পাচু খানের বাড়ির সামনে পৌঁছালে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ট্রলিটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায় আর বাসটি রাস্তার পাশের একটি গাছের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ট্রলির চালক ও সহকারী।”
এছাড়াও বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে থাকা হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধারের পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। যান দুটি জব্দ করা হয়েছে।”
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”
