কুমিল্লায় ‘আসামি ধরতে যাওয়ার পথে’ দুর্ঘটনায় এএসআইয়ের মৃত্যু
বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জানান।
কুমিল্লার মুরাদনগরে আসামি ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা সাজ্জদুল ইসলাম (৪১) মুরাদনগর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বিকালে আসামিকে গ্রেপ্তার করতে যাওয়ার পথে মুরাদনগরের চাপিতলা-বিষ্ণুপুর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গুরুতর আহত সাজ্জদুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৮টার দিকে তিনি মারা যান।
