গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
এ ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি ফিরোজ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও তিন জন আহত হয়েছেন। এ সময় বেশকিছু বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম জানান, সোমবার ভোর ৬টার দিকে উপজেলা সদরের খায়েরহাট গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ৬৫ বছরের মান্নান শেখ ওই গ্রামের বাসিন্দা ও মৃত নেছার উদ্দিন শেখের ছেলে ।
এলাকাবাসীর বরাতে ওসি ফিরোজ জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে চাচাতো ভাই হেমায়েত শেখের (৫৫) সঙ্গে মান্নান শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
রোববার বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নানের সমর্থক রঞ্জু শেখ ও হেমায়েতের সমর্থক রাসেল শেখের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় উভয়ই দেখে নেওয়ার হুমকি দেন।
এরই জেরে সোমবার ভোরে দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ২০টি বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে মান্নান মারাত্মক আহত হন। তার শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত গোলাম খান (৫০), বিউটি বেগম (৩৮), লিখা বেগমকে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় হেমায়েত শেখসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানিয়ে ওসি ফিরোজ বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
