ট্রেন দেখে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল ভাইবোনের
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ভাইবোন নিহত হয়েছে; এ সময় আহত হয়েছে আরেক শিশু।
বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার জানান।
নিহতরা হল- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার নাসির উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৮) ও মেয়ে সাবা (৬)।
আহত নুসরাত (৮) একই এলাকার আব্দুল গফুরের মেয়ে।
হতাহতরা আপন চাচাত ভাইবোন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মালুমঘাট এলাকার পাশ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম পথে নতুন ট্রেন চলাচল শুরু হয়েছে। কিছু শিশু মিলে সকালে কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল।
ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহন সার্ভিসের একটি বাস তিন শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়।
আহতদের মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন। এ সময় চালক দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের পরিদর্শক ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ গিয়ে জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। এর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
