২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দীপ্ত টিভির সাংবাদিকের ‘হাত-পা-মুখ বেঁধে বাইক ছিনতাই’

থানায় করা সাধারণ ডায়েরিতে তিনি আরও বলেন, তার পকেটে থাকা ৮ হাজার টাকাও লুট করা হয়েছে।

গাজীপুরে দীপ্ত টিভির সাংবাদিকের ‘হাত-পা-মুখ বেঁধে বাইক ছিনতাই’

গাজীপুরের কালিয়াকৈর থানা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 09:29 PM

Updated : 11 Jan 2024, 09:29 PM

গাজীপুরে কর্মরত ‘দীপ্ত টিভি’র সাংবাদিকের হাত-পা-মুখ বেঁধে বাইক ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে মৌচাক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান।

সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, ব্যক্তিগত মোটরসাইকেলে তিনি কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে যাচ্ছিলেন৷ 

তিনি বলেন, “বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাজুখান-মাটিকাটা আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি থেকে সুত্রাপুর যাচ্ছিলাম। পথে মাটিকাটা খালের ওপর ব্রিজের পশ্চিম পাশের সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয় ৬/৭ জন সশস্ত্র সন্ত্রাসী। পরে তারা দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং আমার হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে নির্জন স্থানে ফেলে রাখে।”

জাহাঙ্গীর আলম আরও বলেন, “এ সময় ছিনতাইকারীরা আমার ব্যাগ তল্লাশি করে দীপ্ত টিভির বুম দেখতে পেয়ে সাংবাদিক পরিচয় নিশ্চিত হয়। পরে তারা দুটি মোবাইল ফোন ফেরত দেয়। কিন্তু আমার ব্যবহৃত হেলমেট, পকেটে থাকা ৮ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর হাত-পা ও মুখের বাঁধন খুলে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরি। পরে বৃহস্পতিবার সকালে এসে কালিয়াকৈরে থানায় একটি জিডি করি।” 

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় জাহাঙ্গীর আলম একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছি৷ আশা করছি, দ্রুত তাদের ধরতে পারব।”