২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে একদিনে ২০ ডেঙ্গু রোগী শনাক্ত, বিশেষায়িত ওয়ার্ড চালু

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ডেঙ্গু রোগীদের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 06:57 PM

Updated : 18 Jul 2023, 11:20 AM

গোপালগঞ্জে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

এ নিয়ে গত জুন থেকে সোমবার বিকাল ৪টা পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ১২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৪০ জনের মধ্যে ৩৬ জন গোপালগঞ্জের বিভিন্ন সরকারি হাসাপাতলে চিকিৎসা নিচ্ছেন ।

এদের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৩ জন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ভর্তি রয়েছে। 

বাকি চারজন উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে গেছেন। 

এ পর্যন্ত গোপালগঞ্জে ডেঙ্গুতে কেউ মারা না গেলেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ডেঙ্গু রোগীদের জন্য  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। পুরাতন ভবনের  দ্বিতীয় তলায়  মেডিসিন ওয়ার্ডের মধ্যেই কাপড়ের পর্দা টাঙিয়ে ডেঙ্গু ওয়ার্ড আলাদা করা হয়েছে।

ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নারী মেডিসিন ওয়ার্ডে এক পাশে নারী ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সেখানে সোমবার চারজন ভর্তি ছিলেন। প্রতিটি বেডেই মশারি টাঙানো দেখা গেছে। 

৬০ বছরের শাহিনুর বেগম এসেছেন নড়াইল জেলার কালিয়া উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে। 

তিনি জানালেন, ৩-৪ দিন আগে জ্বর হয়। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খেয়ে জ্বর না কমায় গোপালগঞ্জে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করিয়েছেন। 

একই ওয়ার্ডে ভর্তি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রামের ৮ বছরের শিশু উম্মে হাবিব।

তিনদিন আগে জ্বর নিয়ে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। দু'দিন আগে পরীক্ষা করে জানা যায় টাইফয়েড ও ডেঙ্গু হয়েছে তার। পরে শিশুটিকে ডেঙ্গু ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

প্লাটিলেট ১৮ হাজারে নেমে আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মানিকহার গ্রামের সুব্রত চক্রবর্তী। তবে চিকিৎসকের পরামর্শ মেনে এখন অনেকটাই সুস্থ বলে জানালেন পুরুষ ওয়ার্ডে ভর্তি এই রোগী। 

 সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, “গোপালগঞ্জ ডেঙ্গু পরিস্থিতি ভালো নয়। যদিও ডেঙ্গুর মৌসুম এখনো পরিপূর্ণভাবে আসেনি। সাধারণত জুলাই-অগাস্ট মাসকে আমরা ডেঙ্গু মৌসুম বলে থাকি। দেখা যাচ্ছে মৌসুম আসার আগেই ডেঙ্গুর প্রভাব বেড়েছে। তাই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে সব সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

“পৌরসভা তার কাজ করবে, তবে সাধারণ মানুষকেও নিজের বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। কারো জ্বর এলে অবহেলা না করে পরীক্ষা করিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা খালি রয়েছে এবং চিকিৎসকরাও প্রস্তুত রয়েছেন।”