এবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভিটা রক্ষায় সংবাদ সম্মেলনে গৃহবধূ
রোববার দুপুরে ইটভাটার মালিক শতাধিক দরিদ্র সাধারণ মানুষ নিয়ে খাদিজার সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্থানীয় এক প্রভাবশালী ইটভাটার মালিকের হাত থেকে বাড়িভিটা রক্ষায় এবার সন্তানসহ সংবাদ সম্মেলন করলেন এক গৃহবধূ।
রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
খাদিজা খাতুন উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের তৌহিদ আহমেদ বুলবুলের স্ত্রী।
এর আগে বুধবার বিকালে দুই শিশু সন্তান নিয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে অবরোধ করেন ওই নারী । জেলা প্রশাসনের সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে তিনি অবরোধ থেকে সরে আসেন।
খাদিজা খাতুনের অভিযোগ, তার বাড়ির জমিটি নিয়ে বিরোধ চলছে স্থানীয় প্রভাবশালী ইটভাটা মালিক মতিয়ার রহমানের সঙ্গে। সম্প্রতি মতিয়ার রহমান খাদিজার বাড়ি ও রাস্তার সামনের পুরোটা ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে দেন।
খাদিজা বলেন, এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি ইটভাটা মালিক মতিয়ারের পক্ষ নিয়ে বুলবুল ও খাদিজাকে স্থাপনা নির্মাণ থেকে সরে যেতে বলেছেন। এর প্রতিবাদে শিশু সন্তানদের নিয়ে তিনি সড়কে বসে পড়েন।
খাদিজা আরও বলেন, প্রথমে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে দায়িত্ব দেন। এরপর তিনি কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মো. আব্দুল্লাহ কাছে দায়িত্ব দেন। পরে চেয়ারম্যান আবার আমাকে ইউএনওর কাছে ফেরত পাঠান।
এরপর ইউএনও সুলতানা বুশরা বলেছেন, “মেসেজ দেওয়া হয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধান হবে। এরপর পাঁচ দিন অতিবাহিত হলেও ওই ইট কেউ সরাননি।”
অন্যদিকে রোববার দুপুরে ইটভাটার মালিক মতিয়ার রহমান শতাধিক দরিদ্র সাধারণ মানুষ নিয়ে খাদিজার সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
এ সময় খাদিজার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “ওই জায়গাটি খাদিজা বা তার স্বামী বুলবুলের নয়; জায়গাটি আমার।এ জন্য সেখানে ইট রেখেছি।”
এ বিষয়ে সাতক্ষীরার মানবাধিকার সংগঠক মাধব দত্ত বলেন, “পাঁচদিন অতিবাহিত হয়েছে। প্রশাসনের এ ভূমিকা খুবই বেদনাদায়ক। উপজেলা প্রশাসনের গাফিলতিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে।”
এ প্রসঙ্গে জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দলিলে জায়গাটি যার নামে রয়েছে তিনিই সঠিক সমাধান পাবেন।”
আরও পড়ুন
