২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটা রক্ষায় সন্তানদের নিয়ে রাস্তা অবরোধ করলেন গৃহবধূ

খাদিজা খাতুন বুধবার বিকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করেন; পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ থেকে সরে আসেন।

ভিটা রক্ষায় সন্তানদের নিয়ে রাস্তা অবরোধ করলেন গৃহবধূ

সন্তানদের নিয়ে খাদিজা খাতুন বুধবার বিকালে সড়কে বসে পড়েন; পরে জেলা প্রশাসনের সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 12:49 AM

Updated : 13 Apr 2023, 12:12 PM

স্থানীয় এক প্রভাবশালীর হাত থেকে বাড়িভিটা রক্ষায় সন্তানসহ রাস্তায় বসে অবরোধ করেছেন এক গৃহবধূ। 

বুধবার বিকালে খাদিজা খাতুন নামের এই নারী সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসনের সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে তিনি অবরোধ থেকে সরে আসেন। 

খাদিজা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের তৌহিদ আহমেদ বুলবুলের স্ত্রী। 

খাদিজা খাতুনের অভিযোগ, তার বাড়ির জমিটি নিয়ে বিরোধ চলছে স্থানীয় প্রভাবশালী ইটভাটা মালিক মতিয়ার রহমানের সঙ্গে। সম্প্রতি মতিয়ার রহমান খাদিজার বাড়ি ও রাস্তার সামনের পুরোটা ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে দেন। 

খাদিজা বলেন, এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি ইটভাটা মালিক মতিয়ারের পক্ষ নিয়ে বুলবুল ও খাদিজাকে স্থাপনা নির্মাণ থেকে সরে যেতে বলেছেন। এর প্রতিবাদে শিশু সন্তানদের নিয়ে তিনি সড়কে বসে পড়েন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে আরডিসি মো. মহিউদ্দিন ও এনডিসি বাপ্পী দত্ত সেখানে উপস্থিত হয়ে অবরোধ প্রত্যাহারে অনুরোধ করেন; এবং পরে তারা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। 

খাদিজা বলেন, জেলা প্রশাসক তার আবেদন গ্রহণ করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুনকে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

এ ব্যাপারে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী বলেন, তিনি ওসির নির্দেশে খাদিজাদের ওখানে যান। সেখানে গিয়ে বিষয়টি জমিজমা সংক্রান্ত ও জটিল মনে হওয়ায় ফিরে আসেন। বিষয়টি ওসি মামুন নিজেই দেখছেন। 

তবে ওসি মামুন রহমান বলেন, তিনি এ ঘটনার কিছুই জানেন না। বিষয়টি জমিজমা সংক্রান্ত হলে সেটি আদালতের এখতিয়ার। 

এ ব্যাপারে মতি ব্রিকসের মালিক মতিয়ার রহমান বলেন, ওই জমিটি বুলবুল বা খাদিজাদের না। সে কারণেই তিনি ইট দিয়ে ঘিরে ফেলেছেন।