ঝালকাঠিতে হত্যায় যাবজ্জীবন সাজার আসামি ২০ বছর পর গ্রেপ্তার
ওই ব্যক্তির বিরুদ্ধে ২০০৩ সালে একটি হত্যা মামলা হয়েছিল বলে পুলিশ জানায়।
ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার হয়েছেন।
গত শুক্রবার মধ্যরাতে ঢাকার বিমানবন্দর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান।
গ্রেপ্তার শাহীন মোল্লা নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর এলাকার বাসিন্দা।
ওসি মুরাদ আলী জানান, র্যাবের সহযোগিতায় নলছিটি থানার এএসআই জসীমউদ্দিন ও এএসআই আওলাদ হোসেন শুক্রবার রাতে ঢাকার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেন।
শাহীন মোল্লার বিরুদ্ধে ২০০৩ সালে নলছিটি থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পলাতক শাহীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
