বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি, তিন আড়তকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক খুচরা বিক্রেতা ও তিন আড়তদারকে জরিমানা করা হয়।
বরিশাল নগরীতে মজুদ করা পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে এক খুচরা বিক্রেতা ও তিন আড়তকে জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে অভিযান পরিচালনা করা হয় বলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বাংলা বাজার এলাকার এক খুচরা বিক্রেতা ও হাটখোলা এলাকার পাইকারি বিক্রেতা তিন আড়তদারকে জরিমানা করা হয়েছে।
“এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের কাছ থেকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”
ইন্দ্রানী দাস আরও বলেন, “বাংলা বাজারের খুচরা বিক্রেতার দোকানে গিয়ে দেখা যায়, পূর্বের মূল্যে কেনা পেয়াঁজ বর্তমানের অধিক দামে বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে ওই দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, নগরীর হাটখোলা এলাকার এক আড়তে ক্রয় ভাউচার প্রদর্শন ও আরেকটিতে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অপর আরও একটি আড়তে মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
এ অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।
