আসছে ইলিশ, কর্মচাঞ্চল্য চাঁদপুর ঘাটে
২২ দিনের অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৩৭৪ জেলেকে।
নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমে মাছ ধরা শুরু করায় ইলিশের আগমনে আবারও সরগরম হয়ে উঠেছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট।
১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার রাত থেকেই চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের জেলেরা মাছ ধরতে বেরিয়ে পড়েছিলেন। তাদের মধ্যে শুক্রবার সকাল থেকে ইলিশ নিয়ে চাঁদপুর মাছঘাটে ফিরে আসে অর্ধশতাধিক ট্রলার।
শুক্রবার দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, কর্মব্যস্ত ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে মুখরিত বড়স্টেশন মাছঘাট। জেলেদের আহরিত ইলিশ ঝুপড়ি করে আড়তে এনে স্তূপ করছেন শ্রমিকরা। আর সেই ইলিশ বিক্রি হচ্ছে হাঁকডাক দিয়ে।
ইলিশ কিনতে আসা ইকবাল বলেন, “প্রথমদিন হিসেবে ঘাটে ভালোই ইলিশ এসেছে। তবে অধিকাংশ ইলিশই আগের বলে মনে হচ্ছে। দামও আগের মতো। দাম কমলে আরও ইলিশ কেনার পরিকল্পনা রয়েছে।”
ঘাটে মাছ নিয়ে আসা জেলে কালাম ও হারুন বলেন, “নিষেধাজ্ঞা শেষে রাতে কিছু ইলিশ ধরা পড়ছে। সেই ইলিশ নিয়ে আমরা চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এসেছি। সামনে ইলিশ আরও ধরা পড়বে।”
ব্যবসায়ীরা জানান, বর্তমানে চাঁদপুর মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা, দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ঘাটে বেচাকেনা নিষিদ্ধ ছিল ২২ দিন। শুক্রবার প্রথম দিন হিসেবে বিভিন্ন স্থান থেকে ইলিশ আসছে। সারাদিনে এক হাজার মণ ইলিশ সরবরাহ হতে পারে।
“আরও কিছুদিন গেলে বোঝা যাবে ইলিশ কেমন পাওয়া যাচ্ছে। জেলেরা ইলিশ পেলে সরবরাহ বাড়বে। আর তখন দাম কমার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও জানান, “ইলিশের পাশাপাশি পাঙাশ ও অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে। যা ক্রেতাদের আকৃষ্ট করে থাকে।”
চাঁদপুরে ২২ দিনের অভিযানে ৩৭৪ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় ২২ দিনের অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৩৭৪ জেলেকে।
ইলিশের নিরাপদ প্রজননে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সেই নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরায় টাস্কফোর্সের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জেলেদের কারাদণ্ড দিয়েছে।
বৃহস্পতিবার রাতে এসব অভিযানের তথ্য প্রতিবেদন আকারে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়।
প্রতিবেদন থেকে জানা গেছে, ২২ দিনে চাঁদপুরের মেঘনা উপকূলীয় সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় ৫৪৬টি অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
এসব অভিযানে আটক ৩৭৪ জেলেকে ৮৪টি ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং মামলা হয় ৪১৬টি। আটক জেলেদের কাছ থেকে মৎস্য আইনে জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৮৩২ টাকা।
জব্দ করা হয়েছে দুই দশমিক ২৯৮ টন ইলিশ ও ২৪ লাখ ৮৯৫ মিটার কারেন্ট জাল।
এছাড়া মৎস্য অবতরণ কেন্দ্রে ২৪, মাছঘাটে ৩৭০, আড়ত দুই হাজার ৬৮ ও বাজার এলাকায় ৮৯২ বার পরিদর্শন করেছে টাস্কফোর্স।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, “ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশ নিরাপদ প্রজনন নিশ্চিতে আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিল।
“আমরা ইলিশ ধরা থেকে বিরত জেলেদের ২৫ কেজি করে চাল দিয়েছি। তাদের সচেতন করেছি। কারণ এসব ইলিশ ডিম ছাড়লে এবং বড় হলে তারাই ধরবে। তারপরেও যারা আইন অমান্য করে মা ইলিশ ধরেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
বিভিন্ন অভিযানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কোস্টগার্ড সার্বিক সহযোগিতা করেছে বলে জানান তিনি।
