২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

২০১২ সালের ১ অগাস্ট রাশিদার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 08:26 PM

Updated : 12 Oct 2023, 08:26 PM

চুয়াডাঙ্গা সদরে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন কবির সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) ইফতিকার হোসেন খোকন জানান। 

দণ্ড পাওয়া রাশিদা খাতুন (৬৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

মামলার বরাতে এপিপি ইফতিকার বলেন, ২০১২ সালের ১ অগাস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রাশিদার বাড়িতে অভিযান চালায়। সে সময় বসত ঘরের একটি স্টিলের বাক্স থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। 

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন বলে জানান এপিপি। 

ওই বছরের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হান্নান রাশিদাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম করাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।