নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রীসহ বিএনপি নেতার মৃত্যু
একটি বাস বেপরোয়া গতিতে এসে পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিএনপি নেতা ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে তাদের শিশুকন্যা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে নেত্রকোণা-মদন-খালিয়াজুরী সড়কের মাটিকাটা এলাকায় এই দুর্ঘটনা হয় বলে আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান।
নিহতরা হলেন– খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক পাঠকক্ষ সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী নান্টু ( ৪৫) এবং তার স্ত্রী নাইস আক্তার (৩৮)।
তাদের নয় বছর বয়সী মেয়ে চৌধুরী ফারিয়া আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজহারুল ইসলাম খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের শিক্ষক লুৎফুর রহমান চৌধুরীর ছেলে। পরিবার নিয়ে নেত্রকোণা শহরের নাগড়া এলাকার এক বাড়িতে তিনি থাকতেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, খালিয়াজুরীর গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নাগড়ার বাসায় যাচ্ছিলেন আজহারুল ইসলাম। পথে মাটিকাটা এলাকায় খান এন্টারপ্রাইজের একটি বাস বেপরোয়া গতিতে এসে পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলাম চৌধুরী মারা যান। তার স্ত্রী ও মেয়েকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান নাইস আক্তার।
