০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যুবলীগের আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তারা বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে দুদক।

যুবলীগের আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 04:23 PM

Updated : 06 Oct 2026, 04:22 PM

দুর্নীতির অভিযোগ থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থাটির প্রসিকিউটর তরিকুল ইসলাম।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক ফেরদৌস রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় অনুসন্ধান চলমান থাকা পর্যন্ত তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।